শনিবার, ২৮ জুলাই ২০১২
পটুয়াখালী প্রতিনিধিঃ র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের একটি গোয়েন্দা দল গোপন খবরে জানতে পারে যে, পটুয়াখালী সদর উপজেলার তুলাতলা দুর্গাপুর এলকায় রাসেল গাঁজী তার নিজ বাড়ীতে ফেন্সিডিল ও ইয়াবা যুবক সমাজ তথা উঠতি বয়সের বালকদের নিকট বিক্রয় করে আসছে। এবং তার বসত ঘরে অবৈধ মাদক দ্রব্য মজুদ আছে। এ খবরের সত্যতা যাচাইয়ের জন্য র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের উপ-পরিচালক চৌধুরী মোঃ হামিদ-আল-মাহবুব এর নেতৃত্বে একটি অপারেশন দল গতকাল ২৭ জুলাই শুক্রবার রাত সোয়া ২টায় সেহরীর আগে নদী পথে ট্রলার যোগে তুলাতলা দুর্গাপুর রাসেল গাজীর বাড়ি ঘেরাও করে। এ সময় রাসেল গাজী তার বসত ঘরের বারান্দায় বসে নিজ হাতে ইয়াবা ও ফেন্সিডিল বিক্রয়ের জন্য প্রস্তুত করা অবস্থায় স্থানীয় আঃ ছাত্তার তালুকদার(৬০) ও মোঃ ফারুক তালুকদার(২৮)সহ অন্যান্য লোকজনের সহায়তায় রাসেল গাঁজী(২৭) কে আটক করে র্যাব সদস্যরা।। আটক রাসেলের স্বীকারোক্তিমতে তার বসত ঘরের বিভিন্ন স্থান হতে ২৩বোতল ফেন্সিডিল, ৪৭টি ফেন্সিডিল বোতলের কর্ক ও ৫৯পিচ যৌন উত্তেজনা সৃষ্টিকারী ইয়াবা ট্যালেট এবং মাদক বিক্রির নগদ ৫হাজার ১শ টাকা উদ্ধার করা হয়। আটক রাসেল স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত এবং সে দেশের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ও ফেন্সিডিল সংগ্রহ করে পটুয়াখালী ও আশেপাশের এলাকায় বিভিন্ন খুচরা বিক্রেতার মাঝে সরবরাহ করে থাকে। এছাড়াও সে নিজে অভিনব কায়দায় ফেন্সিডিল তৈরি করতে পারে বলেও র্যাবের কাছে স্বীকার করে রাসেল। সে পটুয়াখালী জেলার লিষ্টভুক্ত একজন মাদক ব্যবসায়ী। গতকাল সকালে পটুয়াখালী সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে তার বিরুদ্ধে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর টেবিল ৩(খ) ও ৯(খ) ধারায় একটি মামলা (মামলা নং-৪৩) করা হয় ।


