Wed06192013

Last update12:05:14 AM GMT

Bangla Font XP | MAC | IComplex

পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ উদযাপিত

রবিবার, ১৫ এপ্রিল ২০১২

ইমাদুল হক প্রিন্সঃ- নতুনের আগমনী সুর বেজে উঠেছে একটি বছরের নিঃশব্দ বিদায়ের মধ্য দিয়ে৷ বিদায় ১৪১৮৷ স্বাগতম ১৪১৯৷ বাংলা নববর্ষ এখানে যেমন সুর ও সংগীতের, মেলা ও মিলনের, আনন্দ-আবাহনের, তেমনি সাহস ও সংকল্পের৷ নতুন প্রতিজ্ঞায় ও প্রত্যাশায় বুক বাঁধার দিন, আমাদের বাংলা নববর্ষ৷ পহেলা বৈশাখ নববর্ষকে স্বাগত জানাতে মেতে ওঠেছিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাজারো তরুণ-তরুণী৷ কবি জীবনানন্দের ভাষায় : 'অতীত নিশি গেছে চলে/চির বিদায় বার্তা বলে,/কোন অাঁধারের গভীর তলে/রেখে স্মৃতি লেখা,/এসো এসো ওগো নবীন,/চলে গেছে জীর্ণ মলিন,/ আজকে তুমি মৃতু্যবিহীন/মুক্ত সীমারেখা৷ নববর্ষ প্রকৃতপক্ষে ভালোবাসা আর ভালোলাগার এক মহতী উত্‍সব৷ অতীতকে পেছনে ফেলে নতুন সংকল্পে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়দীপ্ত দিন পহেলা বৈশাখ৷ বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতার বাণী কণ্ঠে তুলে নিয়ে উদাত্ত স্বরে বলা যায়, 'হে নূতন, এসো তুমি সমস্ত গগন পূর্ণ করি/ পুঞ্জ পুঞ্জ রূপে_/ ব্যাপ্ত করি লুপ্ত করি স্তরে স্তরে স্তবকে স্তবকে/ ঘনঘোরস্তূপে৷' অরুণোদয়ের পথে যাত্রা আমাদের৷ ব্যক্তি ও জাতীয় জীবনে শত প্রতিকূলতার মধ্যেও আজকের সংকল্প হোক, 'চাব না পশ্চাতে মোরা, মানিব না বন্ধন ক্রন্দন,/ হেরিব না দিক্/গণিবনা দিনক্ষণ, করিব না বিতর্ক বিচার/উদ্দাম পথিক৷ অমিত সম্ভাবনা হাতছানি দিয়ে ডাকে আমাদের৷ যা কিছু পুরনো, তাই তো অতীত৷ সে অতীত বিলীন হয়ে যাক অন্ধকার গহ্বরে৷ নববর্ষের প্রথম প্রভাতে পবিপ্রবির কেন্দ্রিয় খেলার মাঠ, বকুলতলা, লাভ রোড ও এর চারপাশের এলাকায় সংস্কৃতিমনা ও বিনোদনপ্রিয় মানুষের ভিড়, সঙ্গীতানুষ্ঠান ও মঙ্গল শোভাযাত্রায় তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে পবিপ্রবির সকল শিক্ষার্থীদের মাঝে সম্প্রীতি আর সৌহার্দ্যের এক মনোজ্ঞ দৃষ্টান্ত স্থাপিত হয়৷ পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের বাংলা নববর্ষের দিনটির সূচনা হয় পান্তা-ইলিশের সমারোহে৷ এবছর পবিপ্রবিতে বৈশাখী অনুষ্ঠানটিকে ঘিরে বরিশাল-পটুয়াখালী জেলার হাজারো মানুষের সমাগম হয়৷ এখানে চলে মাটির সানকিতে পরিবেশিত পান্তা-ইলিশের রমরমা ব্যবসা৷ রংবেরঙের দামি জামাকাপড় পরা বিশ্ববিদ্যালয় ও পাশর্্ববর্তি স্কুল-কলেজের হাজারো তরুণ-তরুণিরা সেখানে কৌতুক আর আনন্দের সঙ্গে পান্তা ইলিশের স্বাদ নেন৷ পহেলা বৈশাখ উপলক্ষে ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল মঙ্গল শোভাযাত্রা, ঘুড়ি উত্‍সব, সাতার কাটা, দড়ি লাফ, বৈশাখী মেলা ও দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান৷ সকাল ৬ টায় সৃজনী বিদ্যা নিকেতনের বিজয় মঞ্চে বিদ্যালয়ের ছাত্রীরা পরিবেশন করে প্রভাত সংগীত ও শুভ নববর্ষের গান৷ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সম্মুখ থেকে ভাইস-চ্যান্সেলর এর নেতৃত্বে এক মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও স্থানীয় দুমকি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়৷ মঙ্গল শোভাযাত্রায় বাঙ্গালি সংস্কৃতির বিভিন্ন উপকরন ঢেকি, কুলা, তবলা, পালকি, মাছসহ বিভিন্ন দিক তুলে ধরেন৷ মঙ্গল শোভাযাত্রা শেষে সকাল ১০টায় একাডেমিক ভবনের সামনে অনুষ্ঠিত আলোচনা সভায় ডেপুটি রেজিস্ট্রার মোঃ আসাদুজ্জামান মুন্নার উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন৷ বর্ষবরন অনুষ্ঠানে শিক্ষক-কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন৷ নববর্ষ উপলক্ষে কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হয় বৈশাখি মেলা৷ মেলায় বিভিন্ন ধরনের সিরামিক ও মাটির তৈরি লোকজ শিল্প এবং চিত্রকর্ম বিক্রির প্রদর্শনী হয়৷ মেলায় বিক্রি হয় গ্রাম বাংলার হাঁড়ি পাতিলের ঢাকনি, পুতুল, কলমদানি, হাতি, মাটির ব্যাংক, ঘোড়াসহ আরো অনেককিছু৷ পবিপ্রবি'র এই ঐতিহ্যবাহী বৈশাখি মেলা চলে মধ্য রাত পর্যন্ত৷

ঢাকা অফিস: পটুয়াখালী ওয়েব, ৫/১/বি, মনেশ্বর রোড,জিগাতলা, ধানমণ্ডি, ঢাকা-১২০৯।

ফোন : +8801711127161,+8801711987191

পটুয়াখালী অফিস: পটুয়াখালী ওয়েব,নিউ টাউন সোনালী ব্যাংক রোড,পটুয়াখালীফোন :+8801713507191

E-Mail: info@patuakhaliweb.com সত্বাধিকারঃ 2010 Patuakhali Web. সর্বসত্ব সংরক্ষিত।

আমাদের Patuakhali Web -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।