শুক্রবার, ১৩ এপ্রিল ২০১২
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) গত ৫ এপ্রিল সার্ক টু্যরের দাবিতে আন্দোলরত কয়েক ছাত্র-ছাত্রী লাঞ্ছিতের ঘটনায় বিচার কার্যক্রমে অগ্রগতি নেই৷ ঘটনার ছয় দিন পার হলেও প্রতিবেদন দাখিল করেননি তদন্ত কমিটি৷ গতকাল বুধবার লাঞ্ছিতের ঘটনায় দোষী শিক্ষক গোপাল সাহা ও মাহমুদুল হাসানের পক্ষে সাফাই গাইতে বিএনপি-জামায়াতপন্থী কতিপয় শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন পালন করে৷ দুপুর ১ টায় একাডেমিক ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে শিক্ষকদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধের দাবি জানান বক্তারা৷ বক্তৃতা করেন অভিষেক দাস, রোকন, আরাফাত, শুভ সাহা, সজীব মোল্লা প্রমুখ৷ এদিকে টু্যরের দাবিতে আন্দোলনরত কয়েক ছাত্র-ছাত্রীকে লাঞ্ছিতের ঘটনায় বিচার কার্যক্রম অদৃশ্য কারনে থমকে আছে৷লাঞ্ছিত
শিক্ষার্থী সূত্র জানায়, কতিপয় শিক্ষকরা সাধারণ শিক্ষার্থীদের পরীক্ষায় বেশি নম্বরের লোভ-লালসা দেখিয়ে মানববন্ধনে নিয়ে যায়৷ মানববন্ধনে যোগ দেয়া কতিপয় ছাত্রদের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের দালাল বলেও আখ্যায়িত করেন৷ ডিন আবুল কাশেম চৌধুরীকে আহবায়ক করে গঠিত ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে ৪৮ ঘন্টার সময় দিলে ছয় দিন পার হয়ে গেলও তদন্ত প্রতিবেদন দাখিল করেননি তারা৷ এ নিয়ে সাধারণ ছাত্র-ছাত্রীদের মধ্যে হতাশা বিরাজ করছে৷ ন্যায্য বিচার পাবেন কি-না তা নিয়েও শঙ্কায় রয়েছেন তারা৷ উল্টো তাদেরকে ভয়-ভীতি দেখিয়ে ছাত্রত্ব বাতিলসহ বিভিন্ন রকমের হুমকি-ধামকি দিয়ে বিচার বানচালের ষড়যন্ত্র চলছে৷ শিক্ষকরা ক্লাসরুমে শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করছেন বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেন৷ এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, সবগুলো বিষয়েই তদন্ত করা হচ্ছে৷ ছাত্র-শিক্ষক, কর্মকর্তাদের পৃথক পৃথক অভিযোগ পাওয়া গেছে৷ প্রাথমিকভাবে জানতে পেরেছি, ছাত্রদের আনীত অভিযোগের কিছু বিষয়ের সত্যতা খুঁজে পাওয়া যায় নি৷ তবে তদন্ত কমিটির প্রতিবেদন দাখিলের পর বিষয়টি সমাধান করা হবে৷